ছোটগল্প গ্রন্থ ‘যে ব্যাকুলতা বাঁচিয়ে রাখে’র ছোট ছোট আখ্যানগুল্যে যে কারো যাপিত জীবনের সঙ্গে অনেকখানি মিলে যেতে পারে। লেখক খাদিজাতুল কোবরা কাব্যের এই গল্পগ্রন্থে মূলত বেশ কয়েকটি খণ্ডগল্প রয়েছে।
যেগুলোর যে কোনো একটি যে কেউ পড়তে শুরু করলে শেষ না করে থামতে পারবেন না। এটাই লেখকের বড় গুণ। পাঠককে টেনে নিয়ে যাবে তার নিজস্ব জগতে। গল্পগুলোর দিগন্ত বিস্তৃত প্রান্তর পাঠকের ভাবনার রঙে রঙিন হতে পারে: শেষ হয়েও শেষ না হওয়ার অতৃপ্তির সঙ্গে লেখকের যেন বড় সখ্য। মানবজীবনের নানা অলিগলি, শৈশব-কৈশোরের অম্লমধুর স্মৃতি; প্রবাসী বাঙালির স্বপ্ন: স্বপ্নভঙ্গ। দেশপ্রেমসহ নানা বিষয় স্বকীয় ভাবনায় তুলে ধরেছেন লেখক। জীবনের অভিজ্ঞতালব্ধ অনেক বিষয়কে গল্পের আলোছায়ায় উপস্থাপনেও লেখক অতুলনীয়। সহজ-সরল ভাষা প্রয়োগ, উপমার ব্যবহার আর শব্দচয়নে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন। গল্পগ্রন্থটি সুখপাঠ্যও বটে। আমাদের প্রত্যাশা বইটি পাঠকপ্রিয়তা পাবে। বইটি পাঠকহৃদয় জয় করে ব্যাপক-ভাবে সমাদৃত হোক- এটাই প্রত্যাশা। বইটি প্রকাশ করেছে বাংলানামা। এটির মুদ্রিত মূল্য ৩৫০ টাকা। বইটির প্রচ্ছদ করেছেন গৌরব চন্দ।
খাদিজাতুল কোবরা কাব্য : জন্য ২৪ মে ১৯৮৮। গাইবান্ধায় জন্ম হলেও খাদিজাতুল কোবরা কাব্য বেড়ে উঠেছেন সিলেটে। বাবা ড. এসএম আব্দুল খালেক ছিলেন ইংরেজি সাহিত্যের অধ্যাপক ও সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান। মা ফারহানা ফেরদৌসি হক সিলেটের একটি স্বনামধন্য কলেজের বাংলা বিভাগের অধ্যাপক। বাবা সরকারি চাকরিজীবী হওয়ায় বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকার মানুষের সাথে বেড়ে ওঠা লেখকের। লেখালেখির অনুপ্রেরণা মূলত বাবার কাছ থেকেই পেয়েছেন। মাধ্যমিক সিলেটের ঐতিহ্যবাহী সরকারি অগ্রগামী গার্লস স্কুল থেকে এবং উচ্চ মাধ্যমিক পাস করেন সিলেট সরকারি মহিলা কলেজ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের কৃতি শিক্ষার্থী হিসেবে অনার্স ও মাস্টার্স শেষ করেন। বাংলা ভাষার প্রতি তার আকর্ষণ মূলত পরিবার থেকেই। লেখালেখি, ছবি আঁকা, নজরুল ও রবীন্দ্র সাহিত্যের প্রতি লেখকের বিশেষ দুর্বলতা রয়েছে। খুবই সৌখিন ঘরানার মানুষ তিনি। একসময়ের তুখোড় ব্যাংকার, বর্তমানে স্বামী এবং দুই সন্তান আয়ান ও ইনারাহকে নিয়ে মালাবি, ইস্ট আফ্রিকায় বসবাস করছেন।