দীর্ঘদিন পর প্রকাশিত হয়েছে কবীর আলমগীরের কবিতাগ্রন্থ ‘আদমের দুঃখগুলো’। তিনি একাধারে কবি, গবেষক ও কথাশিল্পী। তার এই বইটির ফ্ল্যাপ লিখেছেন কবি-গবেষক-কথাশিল্পী মোহাম্মদ নূরুল হক। তিনি লিখেছেন, কবীর আলমগরের আছে আরও কিছু পরিচয়। কিন্তু সব পরিচয়ের আড়ালে চাপা পড়ে গেছে তাঁর কবি পরিচয়। কারণ সাহিত্যের অন্যান্য শাখায় তিনি যতটা দৃশ্যমান, কবিতায় ততটাই ডুবোচারী। ফলে কবিতায় তাকে তেমন দেখা যায় না। তিনি কবিতায় নিভৃতচারী। তাঁর এই নিভৃতচারিতা তাকে দিয়ে লিখিয়ে নিয়েছে ছন্দসিদ্ধ-অলঙ্কারশোভিত বেশ কিছু কবিতা। এই কবিতাগুচ্ছ নিয়েই গ্রন্থ ‘আদমের দুঃখগুলো’। আদম এখানে শুধু একজন মানুষ নয়, বরং সমগ্র মানবজাতির সুখ-দুঃখ, স্বপ্ন ও দীর্ঘশ্বাসের প্রতীকী রূপায়ন। কবিতাগুলোতে ধর্মীয় আবেগ-অনুভূতি-মিথের পাশাপাশি চিত্রিত হয়েছে দেশ-কাল-সমাজের বিভিন্ন সঙ্গতি-অসঙ্গতির চিত্রও। ব্যঞ্জনাময় ভাষায় কবি মানুষের অন্তর্গত ক্ষতকেও কবিতার শরীরে ধারণ করেছেন। আশা করি, কবিতার নিবিড় পাঠকদের বইটি ভালো লাগবে।
কবি সম্পর্কিত কয়েক ছত্র
কবীর আলমগীরের জন্ম ঝিনাইদহের শ্যামনগর গ্রামে। পড়াশোনা মধুহাটি মাধ্যমিক বিদ্যালয়, সরকারি কেশবচন্দ্র মহাবিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একই বিশ্ববিদ্যালয়ে উপন্যাস ও রাজনীতি বিষয়ে পিএইচডি করছেন। গবেষক ও প্রাবন্ধিক হিসেবে কবীর আলমগীরের পরিচিতি রয়েছে। পেশায় তিনি সাংবাদিক। দেশীয় ও আন্তর্জাতিক রাজনীতি, সমাজ-ইতিহাস তাঁর লেখালেখির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।
চিন্তাশীল ও বহুমাত্রিক লেখালেখির মাধ্যমে তিনি সমকালীন সাহিত্য ও রাজনৈতিক বিশ্লেষণে নিজস্ব অবস্থান তৈরি করছেন। সম্পাদনা করেছেন লিটলম্যাগ ‘কাগজের কম্পাস’, ‘উল্লম্ফন’, ‘বাংলানামা’ ও ‘চিন্তাসূত্র।’
কবীর আলমগীরের প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে- আহমদ ছফার উপন্যাসের সমাজ ও জীবন (২০১৮), গহীন বুকে বিষের চারা (২০১৮), ফ্যাসিবাদ: সাম্প্রতিক বিবেচনা (২০২৪) প্রভৃতি। আদমের দুঃখগুলো (২০২৬) কবির দ্বিতীয় কাব্যগ্রন্থ।