রাজনৈতিক ধারণা, পরিভাষার অর্থ ও ব্যবহারের তথ্যবহুল ব্যাখ্যা

বাংলানামার বই স্লাইড

প্রাচীন গ্রিক রাজনৈতিক দর্শন থেকে শুরু করে আধুনিক ও উত্তর-আধুনিক রাজনৈতিক চিন্তা পর্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব, মতবাদ, ধারণা ও পরিভাষাকে সহজ, প্রাঞ্জল এবং গবেষণানির্ভর ভাষায় উপস্থাপন করা হয়েছে ‘রাজনৈতিক তত্ত্ব ও পরিভাষা’ গ্রন্থে। উদারবাদ, রক্ষণশীলতা, সমাজতন্ত্র, মার্ক্সবাদ, জাতীয়তাবাদ, নারীবাদ, বাস্তববাদ, বহুবাদ, রাজনৈতিক সংস্কৃতি, ক্ষমতার তত্ত্ব, সুশাসন, মানবাধিকার, আইনের শাসন, নাগরিক সমাজ, কূটনীতি, নির্বাচন ব্যবস্থা, রাষ্ট্র, সার্বভৌমত্ব ও সমকালীন রাজনীতিতে বহুল ব্যবহৃত অসংখ্য ধারণার সংক্ষিপ্ত অথচ তথ্যবহুল ব্যাখ্যা এতে সংকলিত হয়েছে। প্রতিটি আলোচনায় ধারণার উৎপত্তি, বিকাশ, তাত্ত্বিক তাৎপর্য ও সমসাময়িক প্রাসঙ্গিকতার প্রতি দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব।

হোসেন শহীদ মজনু ও কবীর আলমগীর যৌথভাবে লিখেছেন এ গ্রন্থটি। এতে রাজনৈতিক বিজ্ঞানের শিক্ষার্থী, শিক্ষক, গবেষক, সাংবাদিক, নীতিনির্ধারক, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিপ্রার্থী ও রাজনীতি বিষয়ে আগ্রহী সাধারণ পাঠক—সবার জন্য একটি কার্যকর রেফারেন্স হিসেবে বিবেচিত হতে পারে। একইসঙ্গে এটি রাজনৈতিক ধারণা ও পরিভাষার অর্থ, প্রেক্ষাপট এবং ব্যবহার সম্পর্কে একটি নির্ভরযোগ্য দিকনির্দেশনা প্রদান করবে। তথ্যনির্ভর বিশ্লেষণ, সহজবোধ্য উপস্থাপন ও বিস্তৃত বিষয়বস্তুর সমন্বয়ে ‘রাজনৈতিক তত্ত্ব ও পরিভাষা’ বাংলা ভাষায় রাজনৈতিক জ্ঞানচর্চাকে আরও সমৃদ্ধ করবে—প্রকাশনা প্রতিষ্ঠান বাংলানামা এ দাবি জানিয়েছে। গত আগস্টে প্রকাশিত বইটির মুদ্রিত মূল্য ৫০০ টাকা।

হোসেন শহীদ মজনু : কুষ্টিয়ার দৌলতপুরের ঠোটার পাড়া গ্রামে জন্য হোসেন শহীদ মজনুর। লেখালেখি ও সাংবাদিকতা ছাড়া তেমন কিছু পারেন না। বর্তমানে প্রতিদিনের বাংলাদেশ-এর উপসম্পাদক। প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে করোনার বিমর্ষ দিন ও ছাঁটাইকলের গান (২০২৪), জুলাইয়ের প্রেমহীন দিনগুলো (২০২৩), ভূত অথবা ভবিষ্যতের গল্প (২০১১), প্রতিধ্বনি কমরেড (২০০৯), নির্বাচিত ছোট গল্প (যৌথ সম্পাদনা, ২০১৯), ছোটদের মজার মজার ভূতের গল্প (সম্পাদনা, ২০২০), ২১টি প্রেমের গল্প (সম্পাদনা, ২০২১)।

কবীর আলমগীর : ঝিনাইদহের শ্যামনগর গ্রামে জন্ম কবীর আলমগীরের। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন। পেশায় সাংবাদিক। গবেষক ও প্রাবন্ধিক হিসেবে কবীর আলমগীরের পরিচিতি রয়েছে। প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে, আহমদ ছফার উপন্যাসের সমাজ ও জীবন (২০১৮), গহীন বুকে বিষের চারা (২০১৮), ফ্যাসিবাদ: সাম্প্রতিক বিবেচনা (২০২৪), আদমের দুঃখগুলো (২০২৬)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *