মোস্তফা সোহেলের গল্পগ্রন্থ ‘ভালোবাসা অথবা বিভ্রমের গল্প’ দারুণ বৈচিত্র্যপূর্ণ ইমেজগুলোকে কোলাজ করে একটি সম্পূর্ণ চিত্রকল্পের আভাস দেয়। এ গ্রন্থের ১৪টি গল্পের মধ্যে ভালোবাসা অথবা বিভ্রম দারুণ এক পরিণতির দিকে নিয়ে যাবে পাঠককে। ভালোবাসা আর তা হারানো অনুভবের এক বৈচিত্র্যময় চিত্রকল্পের উপাখ্যান যেন গল্পগুলো। তার ‘সংসার’ গল্পে এক তরুণ দম্পতির শারীরিক সুখের ইচ্ছাটিকে প্রবলভাবে দেখানো হয়েছে। সংসারে বিশ্বাস ও আস্থা থাকলে যে খুঁটিনাটি সমস্যাগুলো দূর করা যায়- পাঠক এ গল্পে যেন তাই অনুভব করবেন।
‘বাবা ও একটি নীল প্রজাপতি’ গল্পে নিজের হারিয়ে যাওয়া বাবাকে অনেকটা অ্যাবস্ট্রাক্ট ফর্মে ফিরিয়ে এনেছেন গল্পকার। ‘আততায়ী’ গল্পে নিজের প্রেমিকা সম্পর্ক ছিন্ন করে চলে যায় বসের সাথে আবার ‘ভাতঘর’ গল্পে প্রেমিকার বাবার ঋণের টাকা শোধ করতে গিয়ে দূর সমুদ্রে হোটেল ব্যবসা দেয় গল্পের নায়ক। কিন্তু টাকা পাঠানোর পর ঋণ শোধ না করে সেই টাকা দিয়েই মেয়েকে অন্য এক ছেলের সাথে বিয়ে দিয়ে দেন মেয়ের বাবা।
‘বন্ধু’ গল্পে হিন্দু ও মুসলিম ছেলের মধ্যে বন্ধুত্বে দেখা গেছে, ‘যে যে ভাষায় কথা বলে, সে ভাষায়ই বলতে থাকবে, পাল্টে যাবে না গায়ের রংয়ের পরিচয়ও। শুধু বদলাতে হবে মানুষের মনের রং। কেবল এই একটি পরিবর্তনই পারে হিন্দু না মুসলিম’- এই হাস্যকর প্রশ্নটিকে উড়িয়ে দিতে।
দারুণ এক সিকোয়েন্সে শেষ হয় ‘প্রেমিকা’ গল্পের কাহিনি। এছাড়াও বাকি গল্পগুলো ভিন্ন ভিন্ন পটভূমিতে দারুণ কিছু মেসেজ দেয় পাঠককে। প্রিয় পাঠক, মোস্তফা সোহেলের গল্প মানেই অন্যরকম অনুভব। ভাষা আর বর্ণনা দারুণ সাবলীল। কাহিনির টানটান উত্তেজনা আপনাকে নিয়ে যাবে গল্পের নিরেট এক ভুবনে। চলুন সেই সময়টুকু দারুণভাবে উপভোগ করতে সংগ্রহ করি ভালোবাসা অথবা বিভ্রমের গল্প। বইটির প্রচ্ছদ করেছেন আবু হাসান আর প্রকাশক বাংলানামা।