‘মরিয়মের বন্ধু মিনি’: শিশুর মানবিক=নৈতিক মূল্যবোধ গঠনে নতুন সংযোজন

বাংলানামার বই স্পেশাল

শিশুদের মনোজগতে নৈতিকতা, ধর্মীয় ও মানবিক মূল্যবোধ সমৃদ্ধ করা, দেশাত্মবোধ এবং মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করার লক্ষ্য নিয়ে প্রকাশিত হয়েছে বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ ও গবেষক মোহাম্মদ বদরুল হাসান (টিটু)-এর ৫ম গল্পগ্রন্থ ‘মরিয়মের বন্ধু মিনি’। মূলত নিজের দুই সন্তান—কন্যা যারিন হাসান ও পুত্র সাফওয়ান হাসানকে শৈশবে শোনানো গল্পগুলোকেই বইটিতে অক্ষরে রূপ দিয়েছেন লেখক। নিজের সন্তানদের ইতিবাচক চিন্তায় উদ্বুদ্ধ করার সফলতা থেকে অনুপ্রাণিত হয়ে দেশ ও বিদেশের কোটি শিশুর মানসিক বিকাশের তাগিদেই তিনি গ্রন্থটি রচনার উদ্যোগ নেন। ছোটদের পাশাপাশি বড়দেরও গল্পগুলো সমানভাবে স্পর্শ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন লেখক।

গ্রন্থটি প্রকাশের প্রক্রিয়ায় যুক্ত থাকা ও অনুপ্রেরণা দেওয়ার জন্য লেখক বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন বন্ধু ড. মুহাম্মদ কামাল উদ্দিন, রনক রঞ্জন দেব নাথ, মাইন উদ্দিন চৌধুরী, সাংবাদিক আবসার মাহফুজ, শ্রদ্ধেয় প্রদীপ দেওয়ানজী, কবি রাশেদ রউফ, শাহাদাৎ আশরাফ, প্রিয় সামসুদ্দীন শিশির স্যার, বাংলানামা পরিবার এবং কাজী আরিফ হাবিব সায়েমকে।

ফেনী জেলায় জন্মগ্রহণ করা এই গুণী লেখকের পিতা জালাল আহমদ ও মাতা বেগম রোকেয়া। চার ভাইয়ের মধ্যে তৃতীয় মোহাম্মদ বদরুল হাসান (টিটু)-এর অন্য ভাইয়েরা হলেন শিক্ষাবিদ মোস্তফা সরোয়ার রিপন, শিল্প উদ্যোক্তা কামরুল হাসান মিল্টন এবং ইংরেজি ভাষা-গবেষক তৌহিদুজ্জামান মুকুল। তিনি সীতাকুন্ড ডিডিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, ফেনী সেন্ট্রাল হাইস্কুল থেকে মাধ্যমিক এবং ফেনী সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি রসায়নে সম্মানসহ এমএসসি এবং ইংরেজিতে এমএ ডিগ্রি অর্জন করেন।

শিক্ষা ও ভাষা গবেষণায় মোহাম্মদ বদরুল হাসান (টিটু)-এর অবদান অত্যন্ত সমৃদ্ধ। ২০০১ সালে চট্টগ্রামে ‘রেডিয়্যান্ট গ্রামার স্কুল’ প্রতিষ্ঠার পর ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে ইংলিশ লেকচারার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৬ সালে চট্টগ্রামের হালিশহরে ‘এম বি গ্রামার স্কুল’ প্রতিষ্ঠা করেন। ছোট ভাই তৌহিদুজ্জামান মুকুলের সাথে দীর্ঘ যৌথ গবেষণার পর তারা উদ্ভাবন করেন গ্রামার-ভিত্তিক ইংরেজি শেখার জনপ্রিয় পদ্ধতি ‘এম বি মেথড’ এবং প্রতিষ্ঠা করেন ‘এম বি ইংলিশ ইনস্টিটিউট’। তাঁর রচিত ইংরেজি শেখার তিনটি বই ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এছাড়া প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে তিনি বেশ কিছু গ্রন্থ ও ছোটদের জন্য ‘কিস্ এম বি মেথড’ সিরিজ রচনা করেছেন।

দৈনিক পূর্বকোণ ও মাসিক শিক্ষা অন্বেষা পত্রিকায় দীর্ঘদিন ইংরেজি শিক্ষা বিষয়ক কলাম লেখার পাশাপাশি তিনি বিটিভি ও বাংলা টিভিসহ একাধিক গণমাধ্যমে শিক্ষা নিয়ে আলোচনা করেছেন। বর্তমানে তিনি ‘মাসিক সোনালী সন্দ্বীপ ডটকম’ ও ‘সোনালি নিউজ ২৪ ডটকম’-এর নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন। শিশুশিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি স্বাধীনতা সংসদ সম্মাননা, আলোকিত সৌরভ স্বর্ণপদক, ড. বেনী মাধব বড়ুয়া সম্মাননা, পাঠশালা সম্মাননা, নবকুঁড়ি সম্মাননা, শিশুস্বর্গ সম্মাননা ও মেঘলা সম্মাননাসহ বহু পুরষ্কারে ভূষিত হয়েছেন। শিক্ষাবিদ ও সাহিত্যিক এই ব্যক্তিত্ব জীবনের বাকি সময় শিক্ষা ও মানবতার কল্যাণে নিয়োজিত রাখতে সকলের দোয়া প্রত্যাশা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *