গবেষক ড. সাবরিনা আক্তার টিনার রচিত ‘রবীন্দ্রনাথের স্বদেশ সংগীত’ গবেষণা গ্রন্থটিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশপ্রেমমূলক গানের বিশাল সমুদ্র ও তার অপরিহার্যতা তুলে ধরা হয়েছে। কবিগুরুর ভাষায় ‘বিন্দুর মধ্যে সিন্ধু দর্শন’-এর মতো এই গ্রন্থে রবীন্দ্রনাথের সমকালকে অতিক্রম করে মানবজীবনের প্রতিটি পর্বের গভীর উপস্থিতি এবং তাঁর স্বদেশপ্রেমের ব্যাপ্তি উন্মোচিত হয়েছে। দীর্ঘ গবেষণার ফসল এই অনবদ্য গ্রন্থটি বাংলা সাহিত্যের শিক্ষার্থী, সংগীতপ্রেমী ও আপামর রবীন্দ্রানুরাগীদের জন্য এক সুখপাঠ্য ও গুরুত্বপূর্ণ সহায়িকা হিসেবে সমাদৃত হওয়ার যোগ্য। লিয়াকত আলী প্রকাশিত এই বইটির প্রচ্ছদ নির্মাণ করেছেন মাহী মজুমদার।
গ্রন্থের লেখক ড. সাবরিনা আক্তার টিনা ১৯৮১ সালের ২৪ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। পারিবারিক জীবনে ব্যাংকার স্বামী মেজবাউল আলম এবং দুই কন্যাসন্তান ফারাজা মানহা আলম ও ফারিজা মাহিরা আলমকে নিয়ে তাঁর সংসার। শিক্ষাজীবনে অত্যন্ত মেধাবী ড. টিনা মাধ্যমিক (এসএসসি) ও উচ্চ মাধ্যমিকে (এইচএসসি) প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে স্নাতক (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল অর্জন করেন এবং স্নাতকোত্তরেও একই বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন। মেধার এই ধারাবাহিকতায় পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধীনেই তাঁর এমফিল ও পিএইচডি ডিগ্রি সফলভাবে সম্পন্ন করেন।