ধীমানরা জেগে থাকেন। তাদের কথামালা, চিন্তা, দর্শনে। আলো ছড়িয়ে যান প্রজন্মের পর প্রজন্মে। তারা সত্যি উচ্চারণের মধ্য দিয়ে পথ দেখান। তাদের কেউ কেউ গত হলেও বলে যাওয়া কথাগুলো ইতিহাসের আলোকে ‘আকর’। আবার আজ যা বলা হচ্ছে তা ভবিষ্যতের জন্য নির্দেশনা।
সাংবাদিক ও লেখক হক ফারুক আহমেদ তার প্রায় দীর্ঘ ২০ বছরের সাংবাদিকতায় দেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতি অঙ্গণের শতাধিক গুণীজনের সান্নিধ্য পেয়েছেন। তারাই ‘ধীমান’। নানা সময়ে আলাপচারিতা, তাদের নিয়ে লেখা, অনুলিখনে তিনি সম্পৃক্ত ছিলেন। সেগুলো কখনও কলাম, সাক্ষাৎকার, প্রবন্ধ, স্মৃতিচারণ, প্রতিবেদন হয়ে উঠে এসেছে। প্রকাশ হয়েছে বিভিন্ন জাতীয় দৈনিক ও ম্যাগাজিনে। সেখান থেকেই উল্লেখযোগ্য কিছু লেখা নিয়েই ‘ধীমান কথন’। তবে এই লেখাগুলোর বিশেষত্ব আছে। প্রকাশিত লেখাটির হুবহু নয়। অপ্রকাশিত অনেক কথা সংযোজিত হয়েছে মূল উৎস থেকে।
‘ধীমান কথন’ এ আলো ছড়িয়েছেন আহমদ রফিক, সুধীন দাশ, সন্জীদা খাতুন, আবদুল গাফ্ফার চৌধুরী, সৈয়দ আব্দুল হাদী, রাজ্জাক, মোহাম্মদ আলী সিদ্দিকী, শাহাবুদ্দিন আহমেদ, রুনা লায়লা, শাহনাজ রহমতুল্লাহ, লাকী আখান্দ, নিলয় দাশ, আইয়ুব বাচ্চু, কমল ও টিপু। বইটি প্রকাশ করেছে বাংলানামা। মুদ্রিত মূল্য ২০০ টাকা।
হক ফারুক আহমেদ : জন্ম ২৭ মার্চ ১৯৮১। লক্ষীপুরের বিরাহিমপুর গ্রামে, নানাবাড়িতে। বাবা ছায়েদুল হক ও মা শাহীন আরা বেগম। তিন ভাই-বোনের মধ্যে তিনি সবার বড়। বোন কাবা কাওসাইন ও ভাই হক ইকবাল আহমেদ।
আরমানিটোলা গর্ভমেন্ট হাই স্কুল, নটর ডেম কালেজের শিক্ষা শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ও সাউথইস্ট ইউনিভার্সিটিতে থেকে মার্কেটিংয়ে এমবিএ ডিগ্রি নিয়েছেন।
হক ফারুক আহমেদ দেশের বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখালেখি শুরু করেন কলেজ-জীবনে। পেশাগত সাংবাদিক জীবনের শুরু ২০০১ সালে। বর্তমানে তিনি ‘দৈনিক যুগান্তর’ পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। প্রায় ২০ বছরের সাংবাদিকতা-পেশায় তিনি ‘ভোরের কাগজ’, ‘সমকাল’, ‘ডেইলি সান’ পত্রিকায় সাংবাদিকতা করেছেন। এ ছাড়া ‘আনন্দ ভুব ‘, ‘আনন্দ আলো’র মতো শীর্ষস্থানীয় ম্যাগাজিনেও ছিলেন দীর্ঘদিন।
তার গীতিকবি সত্তার প্রকাশ ২০০৩ সালে। ‘অজানা অধ্যায়’, ‘কর্পোরেট রোবট’, ‘দিনবদল’, ‘রক ওয়ান জিরো ওয়ান’, ‘আন্ডারগ্রাউন্ড টু’, ‘সূর্যদিবস’ অ্যালবামে তার লেখা অংসখ্য গান প্রকাশিত হয়েছে। দেশের এফএম রেডিওগুলোতে প্রতিদিনই তার লেখা গানগুলো বাজে।
স্ত্রী মেহেরী হাসান ও তিন সন্তান মায়ান, ফারিন, মাজিনকে নিয়ে হক ফারুক আহমেদের আনন্দঘন পরিবার।