দুই বন্ধুর প্রেম-প্রতিশ্রুতির বিরল কাহিনী

বাংলানামার বই স্লাইড

মোস্তফা সোহেলের ‘মন পাহাড়’ উপন্যাস দুই বন্ধুর স্বপ্ন, প্রেম, প্রতিশ্রুতি, ভালোবাসার মানুষের কাছে নিজেকে প্রতিষ্ঠা করার এক অদ্ভুত মিশেলে তৈরি কোলাজ যা পাঠককে দারুণ অনুপ্রাণিত করবে। লেখক তার ইতিবাচক ভাবনা নিয়ে জীবনের নতুন নতুন ধারণা ও উপলব্ধি বোধ থেকে এক মায়াতাড়িত স্বপ্নময় জীবনের সন্ধান পেয়ে যান। ভালোবাসা, প্রেম, স্বপ্নপূরণে চরিত্রগুলো একদিকে যেমন হয়ে উঠেছে অসাধারণ তেমনি অপ্রাপ্তি, অসম্মান, দুঃখবোধ পাঠককে নিয়ে যেতে পারে অন্য আর এক জগতে। তাইতো মধ্যবিত্ত বাচ্চুর প্রেমও সমান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে উচ্চবিত্ত কোয়েলের কাছে। আবার কেন্দ্রীয় চরিত্র আনিস তার বুদ্ধিদীপ্ত ভালোবাসা এবং যুক্তিপূর্ণ আবেগ দিয়ে জয় করে নেয় প্রেমিকা এশার মন। অথচ বাস্তবতার এক নির্মোহ বিচারে আনিসকে ফিরে যেতে হয় অন্য কোথাও। অন্য কোনো মন পাহাড়ে। বাস্তুও কি আসলে পায় কোয়েলকে? একটা নিরবিচ্ছিন্ন অন্ধকারের টানেলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে উপন্যাসটি মূলত হয়ে ওঠে যুক্তিপূর্ণ, মানবিক ভালোবাস-ায় ভরপুর নিরীহ এক উপাখ্যান। সামাজিক বাস্তবতার টুকরো টুকরো ঘটনা যেন দারুণ উপজীব্য হয়ে উঠে এসেছে এই উপন্যাসে।
মূলত রোমান্টিকতা নির্ভর ‘মনপাহাড়’ উপন্যাসে পাঠক ভিন্ন এক স্বাদ গ্রহণ করতে পারবেন- যা আপনার সামনে আসলে নিজ সমাজের চিত্রটাকেই তুলে ধরবে।
বইটির প্রচ্ছদ করেছেন কাব্য কারিম। প্রকাশক বাংলানামা। এটির মুদ্রিত মূল্য ১৮০ টাকা।
মোস্তফা সোহেল : হাতে গোনা কজন সেরা গদ্যকারের মধ্যে মোস্তফা সোহেল অন্যতম। তার গদ্যে প্রেম, প্রকৃতি ও নারী নিবিষ্ট শব্দচয়নে মুখর। তার লেখায় কখনো শহরের শূন্যতা, রাত্রির সঙ্গীত, অন্ধকারের পোট্রেট অথবা ম্যাচৈতন্যের শীষধ্বনি- আবার কখনো ইতিবাচক সম্ভাবনা আর আগামী দিনের স্বপ্নবিলাস পাঠককে নিয়ে যেতে পারে এক মুগ্ধ ভুবনে। লেখকের জন্য ১২ জানুয়ারি যশোর শহরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর।
ডেনমার্কের ওডেন্স এর নরডিক এগ্রিকালচার একাডেমি থেকে ফেলোশিপ পেয়েছেন প্রজেক্ট ম্যানেজমেন্টে। ভ্রমণ করেছেন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, সুইডেন, বেলজিয়াম, ডেনমার্ক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভারত, মালয়েশিয়াসহ বহু দেশ। ছিলেন মানবাধিকারের শীর্ষ সংগঠন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক।
দৈনিক প্রথম আলোর বন্ধুসভা থেকে গল্প লেখালেখি শুরু। তার আগেও একেবারে স্কুলজীবনে যশোরের দৈনিক ঠিকানায় লিখেছেন নিয়মিত। এরপর ঢাকায় দৈনিক ভোরের কাগজ, দৈনিক দেশ, আজকের কাগজ, সাপ্তাহিক চিত্রবাংলা, যায় যায় দিন-এ নিয়মিত নানা বিষয়ে লিখেছেন। ১৯৯৯ সালে ‘হাত বাড়ালেই ছুঁয়ে দেব’, ২০১০ সালে শিলালিপি প্রকাশনী থেকে ‘নিঃসঙ্গ টারমিনাল’ ও ২০১৮ সালে বাংলানামা থেকে প্রকাশিত হয় তার তৃতীয় কাব্যগ্রন্থ ‘সাদা মেঘে ওড়াই মৌনতা’ এছাড়া ২০১১ সালে পলল প্রকাশনী থেকে তার উপন্যাস ‘তুমি আমায় প্রথম ছুঁয়েছিলে’ ও ‘ভালোবাসার এক রূপালি রাত’, ২০১২ সালে জনান্তিক থেকে ‘আনন্দবাড়ি’ ও ‘বুনো জ্যোৎস্নায়’ প্রকাশিত হয়। বিজয় প্রকাশ থেকে ২০১৩ সালে ‘মুখোশ’, ২০১৪ সালে ‘নেতা’ ও ২০১৫ সালে সর্বাধিক বিক্রিত উপন্যাস ‘ভালোবাসা ও একটি জলফড়িং’ প্রকাশিত হয়। বিজয় প্রকাশ থেকে ২০১৭ তে প্রকাশিত হয় উপন্যাস ‘বধূ কোন আলো’ ও গল্পগ্রন্থ ‘ফুল পাখি ও জোৎস্নার গল্প’।
২০১৮ সালে বাংলানামা থেকে প্রকাশিত হয় উপন্যাস ‘আমি কান পেতে রই’ ও ‘একদিন ঝুম বৃষ্টিতে’। ২০১২ ও ২০১৩ সালে উপন্যাসের জন্য তিনি শিল্পাচার্য জয়নুল আবেদীন পুরস্কার লাভ করেন। তিনি ২০২০ সালের ১২ আগস্ট মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *