শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার হলদীবাটা গ্রামে ১৯৭৮ সালের ৫ জানুয়ারি হারুন অর রশীদের জন্ম। মাতা হাজেরা বেগম। মাত্র দুই বছর বয়সে কবি মাতৃহারা হন। পিতা আব্দুল মজিদ যিনি নিজে নিরক্ষর হয়েও সন্তানদের সুশিক্ষিত করার চেষ্টা করেছেন। গড়েছেন বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও। গ্রামের সোঁদাগন্ধ গায়ে মেখে কবির বেড়ে ওঠা। পাড়াগাঁয়ের স্কুল কলেজ পেরিয়ে আনন্দমেহান বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম.এ সম্পন্ন।
বর্তমানে একটি দৈনিক পত্রিকায় সাব এডিটর হিসেবে কর্মরত আছেন। ঢাকার নীলক্ষেতে কবির বর্তমান আবাস। কবিতায় হাতেখড়ি ছেলেবেলায়। তৃতীয় শ্রেণিতে পড়র সময় ‘আমাদের গ্রাম’ নামে একটি কবিতা ‘সাপ্তাহিক শেরপুর’ পত্রিকায় প্রকাশিত হয়। সেই থেকে সাহিত্যের সাথে সখ্য। কবিতা এবং নাটকের প্রতিই বেশি ঝোঁক। ইতোমধ্যে বেশ কয়েকটি যৌথ কাব্য গ্রন্থে তার কবিতা প্রকাশিত হয়েছে।
উল্লেখযোগ্য কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ হলো-হৃদয়ের হেবানামা, ঝিনই, ফুটন্ত গোলাপ, নীল জল দিগন্ত ছুঁয়ে।
২০২৪ অমর একুশে বই মেলায় তার সম্পাদিত যৌথ কাব্যগ্রন্থ “নীল জল দিগন্ত ছুঁয়ে” পাঠক সমাদৃত হয়। বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ করেন কবি। প্রিয় রং সাদা। প্রিয় বই শেষের কবিতা। যা কিছু ভালো সবই পছন্দ। অপছন্দ করেন পরচর্চা, মিথ্যে অহংকার। অনেক প্রিয় মানুষের মাঝে শ্রদ্ধেয় ড. সরদার আব্দুস সাত্তার স্যার হৃদয়ের বেশি জায়গা দখল করে আছেন। “মেঘের পালক” কবির প্রথম কাব্যগ্রন্থ।