মা হিরণ্ময়ী চৌধুরাণী ও বাবা রবীন্দ্রনাথ দাশের ঘর আলো করে ১৯৬৯ সালের ২৮ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলার তাড়াইল বাজার এলাকায় জন্মগ্রহণ করেন কথাসাহিত্যিক পার্থসারথি। তার পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের ঘাটিবাড়ী এলাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে বিএসএস (সম্মান)সহ এমএসএস (মাস্টার্স) ডিগ্রি লাভ করেন। বিবাহিত জীবনে এক সন্তানের জনক তিনি। তার সহধর্মিনী শিল্পী সরকার।
গল্প ও উপন্যাস লেখার পাশাপাশি মাঝে-মধ্যে কবিতায়ও বিচরণ করেন পার্থসারথি। তার প্রথম উপন্যাস ‘সন্ত্রাসের পেয়ালায় জীবনযাপন’ বাংলা একাডেমির তরুণ লেখক প্রকল্প থেকে ১৯৯৭ সালে প্রকাশিত এবং বাংলা একাডেমি তরুণ লেখক প্রকল্প পুস্কারপ্রাপ্ত।
পার্থসারথির দ্বিতীয় গ্রন্থ কিশোর উপন্যাস ‘সোহান ও তার বন্ধুরা’ কিডজ কারাভান শিশুসাহিত্য পাণ্ডুলিপি পুরস্কার ২০২৪ প্রাপ্ত ও বইমেলা ২০২৫-এ কিডজ কারাভান প্রকাশনা থেকে প্রকাশিত। অসংখ্য গল্প, কবিতা, উপন্যাস, রম্যগল্প বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পত্রিকাসহ বিভিন্ন সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছে।
পড়ুন : পার্থসারথির লেখা গল্প
তার তৃতীয় গ্রন্থ (উপন্যাস) ‘বহতা জীবনের বাঁকে’ শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে বাংলাদেশের খ্যাতনামা প্রকাশনা সংস্থা অনুপ্রাণন প্রকাশন থেকে। এ কথাসাহিত্যিকের উত্তরোত্তর সাফল্য কামনা করছে বাংলানামা।