এ উপন্যাসের কাহিনী ১৭ জুন ১৯৯৬ সালে ঢাকা থেকে শুরু হয়ে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহীসহ দেশের বিভিন্ন জায়গায় রোমাঞ্চকর পরিভ্রমণ শেষে সুদূর ফ্রান্সের প্যারিসে গিয়ে শেষ হয়। ঘটনার উল্লেখে জানা যায়, ২৩ আগস্ট, ২০০৭ সালে প্যারিসে হয় শেষ পরিণতি। সত্য ঘটনার সাথে কল্পনার মিশেলে লেখা এ কাহিনী পাঠককে যেমন আকৃষ্ট করবে তেমনি বাস্তবধর্মী বলেও মনে হবে। এর পরতে পরতে ছড়িয়ে রয়েছে নিষিদ্ধ প্রেম, শারীরিক রোমাঞ্চ, ঘটনার রোমহর্ষক বর্ণনা, ধর্মীয় গোঁড়ামি ভাঙার পণ ও যুক্তিনির্ভর বাস্তবতা উপলদ্ধির প্রয়াস। গল্পচ্ছলে লেখা এ উপন্যাসটিকে নিঃসন্দেহে সুখপাঠ্যই বলা যায়। এ বইটির বহুল প্রচার প্রত্যাশা করেছেন। কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ড. গাজী রহমান। বইটি প্রকাশ করেছে বাংলানামা, আর প্রচ্ছদ করেছেন গৌরব চন্দ।
রিপতি বিশ্বাস সবুজ : রিপতি বিশ্বাস সবুজ বহুমুখি প্রতিভার অধিকারী একজন মানুষ। তিনি একাধারে বিজ্ঞ বিচারক, কবি, রোমান্টিক লেখক, কৌতুক অভিনেতা ও সমাজ সেবক। তার জন্ম ১৯৭৩ সালের ৭ সেপ্টেম্বর খুলনার তেরখাদা উপজেলায়।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ল’ তে অনার্স- মাস্টার্স শেষ করে কিছুদিন ওকালতি করার পর তার জজিয়তি জীবনে প্রবেশ। বর্তমানে তিনি ‘অতিরিক্ত জেলা ও দায়রা জজ’ পদমর্যাদার একজন কর্মকর্তা হিসাবে কর্মরত আছেন।
ছাত্রজীবনে তিনি লেখালেখি শুরু করলেও চাকরি জীবনে এসে অনেকটা পরিপক্কতা অর্জন করেন। প্রাণবন্ত মানুষের সঙ্গ ও মনোরম প্রকৃতি তাকে দুর্নিবার টানে। তার শখ ভাল মানের বই পড়া আর নেশা দেশ-বিদেশ ভ্রমণ। ডা. ফারজানার প্রেমে তার লেখা দ্বিতীয় উপন্যাস। তার একাধিক সুখপাঠ্য কাব্যগ্রন্থ ও উপন্যাস রয়েছে। বুকের নরম ঢেউ তার একটি সাড়া জাগানো গল্পগ্রন্থ।