‘পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন’- হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন মহানবী হযরত মুহম্মদ (সা.) এর ওপর নাজিল হওয়া এই আয়াত কালে কালে, যুগে যুগে মানুষকে মুক্তির পথ দেখিয়েছে শিক্ষার মাধ্যমে। শিক্ষা এমন একটি বিষয় যা মানুষের ভেতরে ইতিবাচক পরিবর্তন ঘটায়। ফলে মানুষের আধ্যাত্মিক উন্নতি ঘটে। এই শিক্ষাব্যবস্থায় যখন ধর্মীয় মূল্যবোধের সংমিশ্রণ ঘটে তখন সেখানে যোগ হয় এক নতুন মাত্রা। ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা সুন্দর, পরিশীলিত ও আদর্শবান মানুষ হিসেবে দেখতে চাই তাহলে সবার আগে চাই সুষম শিক্ষা। এরকম বিষয় ও শিক্ষাব্যবস্থার করণীয় নিয়ে ‘অমর একুশে বইমেলা-২০২৪’-এ এলো হুসনেআরা পারভীন প্রথম গদ্যগ্রন্থ ‘সুষম শিক্ষা’। বইটি প্রকাশ করেছে বাংলানামা। মুদ্রিত মূল্য ৩০০ টাকা
লেখক পরিচিতি
হুসনেআরা পারভীন ১৯৮৪ সালে সিরাজগঞ্জের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মো. মিজানুর রহমান ছিলেন একজন উপজেলা শিক্ষা অফিসার আর মাতা রেজিয়া বেগম একজন গৃহিণী। পিতার চাকরির সুবাদে বিভিন্ন জেলা ও উপজেলায় তার শৈশব কাটলেও শেষপর্যন্ত পড়ালেখা ও বেড়ে ওঠা সিরাজগঞ্জ শহরেই। সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে ইংরেজি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত। শিক্ষকতার পাশাপাশি সত্যের পক্ষে লিখতে ভালোবাসেন। ইতোপূর্বে কয়েকটি পত্রিকায় তার কিছু কবিতা প্রকাশ পেয়েছে। এটি তার প্রথম গ্রন্থ।