রাগ বিষয়ক ভিন্ন ভাবনার বই

বইকথা স্পেশাল

মানুষ রেগে যায়, হঠাৎ করে রাগে। কারণে-অকারণে রাগে। বিষয়টি ভালো নয় জেনেও রাগ করে। রাগ শারীরিক ক্ষতির কারণ, তবুও কেন রাগ করে মানুষ?
রাগের সঙ্গে অভিজ্ঞতার যোগ আছে। আর আছে কিছু হরমোনের কারসাজি। আমরা আসলে অভিজ্ঞতা আর অভ্যাসের দাস। আমাদের অভিজ্ঞতার ভাণ্ডারে যেসব তথ্যের ঠাঁই নেই, যেগুলোতে আমরা অভ্যন্ত নই, এমন জিনিস হুট করে ঘটতে দেখলে রেগে যাই। আমরা যতই লেখাপড়া করে জ্ঞান অর্জন করি না কেন, ভিন্নমত সহ্য করতে না পারা মানুষের মজ্জাগত ব্যাপার। যুগ যুগ ধরেই মানুষ নিজের ভেতর এই অশুভ শক্তিটি বয়ে বেড়াচ্ছে।
রাগের জন্ম মস্তিষ্কের অ্যামিগডালা নামের অংশে। এই অংশটি মানুষের রাগ-ক্ষোভ, আবেগ ইত্যাদি নিয়ন্ত্রণ করে। এই অংশ থেকেই নিঃসরণ হয় অ্যাড্রেনালিন ও নরঅ্যাড্রেনালিন হরমোন। নিঃসরণের পর এই হরমোন রক্তের মাধ্যমে ছড়িয়ে পড়ে সারা দেহে। ফলে রক্তচাপ বাড়ে, বেড়ে যায় হৃদকম্পনের গতি, ঘন ঘন শ্বাস ফেলতে ও শরীর কাঁপতে শুরু করে। মুখ লাল ও বিকৃত হয়ে যায়, ঘামতে শুরু করে রেগে যাওয়া ব্যক্তি।
রাগ: কী, কেন, দমনের উপায় বইটিতে রাগ সংক্রান্ত মৌলিক নানা তথ্য মিলবে। সেই সঙ্গে রাগ নিয়ন্ত্রণের কৌশলও জানা যাবে। বইটির প্রচ্ছদ করেছেন কমল ঠাকুর। এটির মুদ্রিত মূল্য ৪০০ টাকা।

শাশ্বত মনির : মুহাম্মদ মনিরুজ্জামান (শাশ্বত মনির) লেখালেখিতে অন্তঃপ্রাণ মানুষ। ১৯৭৪ সালে জন্ম শেরপুরের ঝিনাইগাতী উপজেলার জুলগাঁও গ্রামে। বাবা ব্রিটিশ আমলে উচ্চশিক্ষিত, ধর্মীয় ব্যক্তিত্ব মাওলানা সমছ উদ্দিন সরকার, মা গৃহিণী গুল-এ রায়হান নেছা (উভয়ই পরলোকগত)।
আনন্দ মোহেন কলেজ থেকে উদ্ভিদ বিজ্ঞানে স্নাতক (সম্মান) এবং মাস্টার্স পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্বাস্থ্য অর্থনীতি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং মাস্টার্স করেছেন শাশ্বত মনির। তিনি আইন বিষয়েও স্নাতক এবং স্নাতকোত্তর।
গত ২৫ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত গুণী এই লেখক। সম্পাদনা করছেন সাপ্তাহিক শীর্ষ খবর ও বিনোদন বাজার নামে দুটি পত্রিকা। এ ছাড়া আইন গবেষক হিসেবেও তার সুনাম রয়েছে। বিশেষ করে সম্পত্তি বিষয়ক আইনে তার পাণ্ডিত্য অগাধ। তিনি ঢাকা বার এসোসিয়েশন, ঢাকা ট্যাক্সেস বারের সদস্য। শাশ্বত মনির একজন সফল সংগঠকও বটে। মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাসী এই লেখক একাধিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত।
চিন্তায় সর্বদা মানুষের কল্যাণবোধ- এই উপলব্ধি থেকে নিজ গ্রামে গড়ে তুলেছেন মওলানা সমছ উদ্দিন সরকার স্মৃতি পাঠাগার। বড় ভাইয়ের সঙ্গে মিলে মায়ের নামে গড়ে তুলেছেন গুলে রায়হান নেছা ফাউন্ডেশন ও বাবার নামে কল্যাণ ট্রাস্ট। স্ত্রী জান্নাতুল ফেরদৌস লাবণ্য এবং এক মাত্র কন্যা মুশবা জামান সামাবি। এর আগে প্রকাশিত ‘চিন্তার ঘুড়ি’ লেখকের নিবন্ধের বই। এবার প্রকাশিত ‘রাগ: কী, কেন, দমনের উপায়’ আত্মউন্নয়নমূলক বই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *