‘কারো আত্মজীবনীতে শুধু নিজের ভালটাই লিখলে সেটি কোনোদিন পূর্ণাঙ্গ আত্মজীবনী হতে পারে না। সেই বিবেচনায় হাজারীর লেখা আত্মজীবনীটি একটি পূর্ণাঙ্গ বই।’ ২০১০ সালে ‘জয়নাল হাজারী বলছি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আবদুল গাফফার চৌধুরী এ অমোঘ মন্তব্য করেছিলেন।
২০০৮ সালে লেখা আর ২০১০ সালে প্রথম প্রকাশিত ‘জয়নাল হাজারী বলছি’র এটা দ্বিতীয় সংস্করণ। এ সময়ের পাঠকদের জন্য নতুন কিছুই বটে। প্রকৃতার্থে আত্মজীবনী বলতে যা বোঝায় এটি যেন তা-ই। জয়নাল হাজারী সম্পর্কে, তার রাজনৈতিক আদর্শ-কর্মকাণ্ড সম্পর্কে বিশদ জানার জন্য এ গ্রন্থ ব্যাপক ভূমিকা রাখবে। বিশেষত তরুণ প্রজন্ম জানতে পারবে এক অকৃতদার মুক্তিযোদ্ধা ও রাজনীতিকের জীবনচরিত। ২০১৮ সালে দ্বিতীয় সংস্করণ প্রকাশ করে বাংলানামা। এটির মুদ্রিত মূল্য ২৫০ টাকা।
বইটি সম্পর্কে জয়নাল হাজারী বলেছেন: আমার রাজনৈতিক জীবনে সুখ-দুঃখ-হাসি-কান্না সবই ছিল; সেসব নিয়ে আজ আর ভাবি না। তবে জীবনের এই পড়ন্ত বেলায় এসে বড় ভাবনা হচ্ছে আমার বিরুদ্ধে নানা রটনা ও অপপ্রচার নিয়ে। তাই এসব বিষয়ে আমার কথা বলা দরকার, জবাব দেওয়া দরকার। ধুয়ে-মুছে পরিষ্কার করতে চাই ওইসব কলঙ্কের কালি।
কারণ কলঙ্কের বোঝা মাথায় নিয়ে পৃথিবী থেকে চলে যেতে চাই না। আর এ কলঙ্কমোচনের জন্যই আত্মজীবনী লিখলাম। এটা আমার ভক্ত এবং নিন্দুকসহ প্রিয় দেশবাসীর কাছে পৌঁছে দিতে চাই। প্রকাশ করতে চাই আমার না-বলা কথাগুলো, মনের ভাব ও ভাবনাগুলো। জানি এতে বাধা-বিপত্তি অনেক, তবু সে বন্ধুর পথ আমাকে ডিঙাতে হবে।…