নানা স্বাদের গল্প নিয়ে তানভীর আহমেদের প্রণয়ের ডায়েরি। সেসব গল্পে আছে আমাদের সমাজ-বাস্তবতা; প্রেম-ভালোবাসা ও বিতৃষ্ণার কথাও। গল্পগুলোর একটি কয়েকটি ছত্র পাঠকের জন্য-
‘শুনো আমি বেশি ঘুরিয়ে, পেঁচিয়ে আর কিছু বলতে চাই না, একেবারে সোজাসাপ্টা কথা বলতে পছন্দ করি আর তাই, সহজ ভাষায় বলি, আমি তোমাকে ভালোবাসি এবং ভীষণ ভালোবাসি, আর শোনো আমি চাইলে হাজারো ছেলের সাথেই রিলেশন করতে পারতাম এবং এখনো পারি! কিন্তু না আমি আগেও তোমাকে চেয়েছি এখনো তোমাকে চাই, আর শোনো আমি এ-ও জানি তুমি কি বলবে প্রথমে আমি হিন্দু আর তুমি মুসলিম, তো কিভাবে আমাদের মিলন হবে, আর এটা সম্ভব না! কিন্তু না আমি কোন কিছুই বুঝতে চাই না। আমি শুধু তোমাকে চাই, তোমার জন্য আমি সব করতে পারব…।’
আমাদের প্রত্যাশা প্রণয়ের ডায়েরি পাঠক প্রিয়তা পাবে। লেখক-পাঠক উভয়ের জন্যই শুভ কামনা। বইটি প্রকাশ করেছে বাংলানামা, এটির প্রচ্ছদশিল্পী মাহী মজুমদার।
তানভীর আহমেদ : ১৯৮৪ সালের ১ আগস্ট আগলা পূর্বপাড়া গ্রামের নবাবগঞ্জ থানার ঢাকা জেলায় একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বাবা হাসান মিয়া ও মা নাসরিন বেগম এর তিন সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়। মহাকবি কায়কোবাদের বাড়িও এই একই গ্রামে ছিলো। ছোট বেলা থেকেই এই কবির নামে সকলের কাছেই খুব সুনাম শুনতেন। সেই তখন থেকেই মনে সুপ্ত বাসনা ছিলো তার বড়ো হয়ে একজন লেখক হওয়ার। তিনি প্রথম ২০০২ সালে একটি কবিতা লেখার মাধ্যমে মূলত লেখার জগতে প্রবেশ করেন। লেখক হুমায়ুন আহমেদের বই পড়ে ভীষণ মুগ্ধ হন এবং বলতে গেলে তার লেখা পড়েই নিজে কিছু লিখতে অনুপ্রেরণা পান।
তারপর থেকে তিনি অনেক কবিতা, ছোট গল্প, অণুগল্প, উপন্যাস লিখতে থাকেন। তার লেখা কবিতা, অণুগল্প, ছোট গল্প, উপন্যাস বিভিন্ন অনলাইন গ্রুপ এবং কয়েকটি ম্যাগাজিন পত্রিকায় প্রকাশিত হয়েছে। অমর একুশে ২০২১ বই মেলায় তার লেখা দুটি যৌথ কাব্যগ্রন্থের বই ১. ভালোবাসার প্রিয়তমা ২. কবিতার মিছিল প্রকাশিত হয়েছে। তবে তার লেখা এই প্রথম উপন্যাস হঠাৎ বৃষ্টির রাতে প্রকাশিত হয় ২০২১ সালে অমর একুশে গ্রন্থমেলায়। তিনি স্বপ্ন দেখেন প্রায় প্রতিদিন, প্রতি নিশিতে এই বাংলায় একদিন ভালো একজন লেখক হওয়ার। এক জীবনের পুরো সময়টাই লেখার মাধ্যমে কাটিয়ে দিতে চান।