জন্মক্ষণের স্মৃতি হাতড়ে আমরা খুব সহজেই ২০১৭ সালের প্রথম কর্মযজ্ঞটির টানটান উত্তেজনা এখনো যেন অনুভব করতে পারি। একটি পাণ্ডুলিপি পেয়েছি; যেটির নাম ‘নতুন আলো’, লেখক মহিউজ্জামান মিঠু। আমাদের সে-অর্থে কোনো ঠিকানা নেই; নেই পূর্ব অভিজ্ঞতা। আছে শুধু একটি নাম ‘বাংলানামা’। যা লিটলম্যাগ হিসেবে সদ্য ভুমিষ্ঠ; প্রথম সংখ্যা আলোর মুখ দেখেছে! মহিউজ্জামান মিঠু ঢাকা শহরের বাসিন্দা নন; পাবনার সুজানগরে তার নিবাস। ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষে সুজানগরের মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। তার প্রেম ছড়াসাহিত্যে; খুব ভালোবেসে ছড়াগুলো লিখেছেন; তার ভাবনা চমৎকার- ছড়া পড়ে শিশুরা নতুন কিছু শিখবে; দেশ-মাটি-সমাজ-প্রকৃতিকে ভালোবাসবে, নতুন আলো ছড়িয়ে পড়বে শিশুদের মাঝে এমন ইচ্ছা থেকেই পাণ্ডুলিপি জমা দিলেন। অমর একুশে গ্রন্থমেলায় আমাদের তখন কোনো স্টল নেই; লিটলম্যাগ কর্নারেও নেই! কিন্তু ছড়াকারের খুব ইচ্ছে বইমেলাতে তার বই পরিবেশিত হোক- তো কী আর করা; পরিবেশক হিসেবে লিটলম্যাগ কর্নারে ‘নতুন আলো’ রাখার স্টল পাওয়া গেল হানিফ রাশেদীন সম্পাদিত ‘প্রতিকথা’য়।
২
‘সব পাঠকের বই, বাংলানামার বই’- এ আপ্তবাক্য ধারণ করে আমরা গদ্য-পদ্য, গবেষণা, শিশুসাহিত্য, নাটকসহ মনন ও সৃজনশীল সব শাখার বই-ই প্রকাশ করে চলেছি। এমন কি নতুন ভূমিকায় বিখ্যাত লেখকের বিশ্ববিদ্যালয়ের পাঠ্য বইও প্রকাশ করেছি। অন্তত একটি বইয়ের নাম না বললেই নয়; প্রমথনাথ বিশির ‘ঘৃতং পিবেৎ’-এর বাংলানামা সংস্করণ। যার ভূমিকা ও সম্পাদনা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সোহেলী জান্নাত। বাংলানামা এখন অর্ধশতাধিক কবি-সাহিত্যিক-গবেষকের প্রকাশনা প্রতিষ্ঠান। সংখ্যা বিচারে আমাদের প্রকাশিত বইও শতাধিক। আমরা মনে করি প্রতিষ্ঠার ৬ বছরে এ সংখ্যা বেশি না হলেও নেহায়েত কম নয়। আমাদের যা কিছু ভালো; যা কিছু সুন্দর- তার পুরোটাই লেখক-পাঠকের ভালোবাসা থেকে পাওয়া। প্রকাশক-লেখক-পাঠকের যুগপৎ পথচলাতেই একটি আলোকিত সমাজ গড়ে তোলা সম্ভব। সে চেষ্টা অব্যাহত রাখার মানসে আমাদের কাছে সব লেখক-পাঠকই সমান গুরুত্বপূর্ণ। তাই বিশেষ কোনো লেখক কিংবা পাঠকের প্রতি নয়; সকল লেখক-পাঠকের প্রতি বিশেষ এই দিনে অশেষ কৃতজ্ঞতা। বাংলানামা লেখক সম্মিলন-২০২৩ আয়োজন করতে পেরে আমরা যারপরনাই আনন্দিত। অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত লেখক-সাহিত্যিকসহ সুধীজনকে জানাই শুভেচ্ছা। এ অনুষ্ঠানের সুযোগে বাংলানামার লেখকসহ দেশ-বিদেশের সকল লেখকের জানাই আমাদের ভালোবাসা। আর বাংলানামা বেস্ট সেলার বইয়ের লেখকদের প্রতি আন্তরিক অভিবাদন। আপনাদের লেখনি শক্তিকে পাঠকের কাছে পৌঁছে দেবার মাধ্যম হতে পেরে আমরা সত্যিই গর্বিত।
আজকের এইদিনে আমাদের প্রয়াত দুই লেখককে বিশেষভাবে স্মরণ করছি- মানবাধিকার কর্মী কথাসাহিত্যিক মোস্তফা সোহেল (১২ আগস্ট ২০২০) ও স্বনাধন্য গীতিকার শিশুসাহিত্যিক সৈয়দ আশেক মাহমুদ (২১ জানুয়ারি ২০২৩); আপনাদের লেখায় সমৃদ্ধ হয়েছে বাংলানামার পাঠক-সমাজ। আমাদের সাথে আপনাদের যাত্রাপথ বড্ড সুখের ছিল; আপনারা দুজন একে অপরকে ভীষণ ভালোও বাসতেন; লেখালেখি নিয়ে গঠনমূলক আলোচনায় থাকতেন প্রাণবন্ত। আপনাদের জীবনাচার অনুকরণে তরুণ লেখক সমাজ উপকৃত হবে নিঃসন্দেহে।
৩
বাংলানামার জন্ম-ইতিহাসের আগে-পরে কতগুলো নাম জড়িত; যাদের অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থন ছাড়া সবটাই অকল্পনীয় ছিল- কবি ও কথাসাহিত্যিক আবু হেনা মোস্তফা এনাম; ড. কাজল রশীদ শাহীন; নুরুল আলম মিল্কী; ড. মুহাম্মদ মোজাম্মেল হক; মনোজ দে; কবীর আলমগীর; ওবায়েদ আকাশ; নীলা কবীর; রীতা খান; চঞ্চল খন্দকার; মনজুরুল ইসলাম প্রমুখ।
বিধিবদ্ধ সতর্কতায় অনেকের নাম উল্লেখ না করেও এইসব কীর্তিমানদের প্রতি অবনত মস্তকে জানাই কৃতজ্ঞতা। আপনাদেরকে সাথে ও পাশে পেয়ে আমরা সতত প্রাণিত। আরও আছেন সাংবাদিকতা জগতের অভিভাবক; বড়ভাই, বন্ধু-স্নেহভাজনদের অকুণ্ঠ সমর্থন! আপনাদের সবার কল্যাণ হোক! জয়তু বাংলানামা!
#লেখাটি ২৫ নভেম্বর ২০২৩- এ লেখা

