এই শহরে এতো এতো প্রেমকথা, তবুও শহরটা প্রেমহীন। তেমনি সময়ের স্প্রিন্টারের আঘাতে মানবজীবন ও মানবমন শতছিন্ন ও চূর্ণ-বিচূর্ণ। বিভঙ্গ মনেরও আশ্রয় থাকা চাই। রাফাত মিশুর কবিতা পড়ে মনে হয়, কবিতা তাঁর বিভঙ্গ মনের আশ্রয়, অসময়ের শুশ্রূষা। অসময়ের ঘ্রাণের কবিতাগুলো কবি হয়তো নিজের জন্যেই লিখেছেন, কিন্তু তা কবিতা-পাঠককেও স্পর্শ করবে দারুণভাবে। কারণ কবিতা-পাঠকরাও এই সময়েরই মানুষ। আসলেই কি আমরা আমাদের সময়কে ধরতে পারছি? চিনতে পারছি? বুঝতে পারছি? নাকি সময়ের কাছে নিতান্তই একেকটা আগন্তুক আমরা? আমাদের সময়ের বোধ ও বোধির পঙ্ক্তিমালা হিসেবে রাফাত মিশুর অসময়ের ঘ্রাণ পড়া যেতে পারে। বইটির প্রচ্ছদশিল্পী চারু পিন্টু। আর এটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান বাংলানামা।
রাফাত মিশু : জন্ম ১৯৮৯ সালের একুশে ফেব্রুয়ারি, বাংলাদেশের জামালপুর জেলার কুলকান্দি গ্রামে। প্রথম কবিতার বই শরীরী অশরীরী (২০১৪)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন রাফাত মিশু।